‘রইদ’ এবার যুক্তরাষ্ট্রের ৩১ শহরে

দেশে দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ানোর পর যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করলো ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রইদ’।

শুক্রবার (২৬ জুন) থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তি পেল ছবিটি। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির কয়েক সপ্তাহ পরও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী চলছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হয়। যুক্তরাষ্ট্রে মুক্তির মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনীর পরিধি আরও বাড়ল।