ইসরায়েল-লেবানন সমঝোতা সই, নেপথ্যে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি চুক্তিতে সই করেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) ওয়াশিংটনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন।

চুক্তি স্বাক্ষরের আগে রুবিও বলেন, আজ আমরা এমন এক যাত্রার প্রথম পদক্ষেপ নিলাম যা নিঃসন্দেহে কঠিন হবে, কিন্তু গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং প্রয়োজনীয়।

তিনি এই চুক্তিকে ‘সূচনার সূচনা’ উল্লেখ করে বলেন, সামনে অনেক কাজ বাকি। আজ প্রথম পদক্ষেপ নেওয়া হলো। প্রথম পদক্ষেপটিই সবচেয়ে কঠিন।

চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া এই সরাসরি আলোচনায় মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় চুক্তির অন্যতম স্বাক্ষরকারীও। তবে সংঘাতের অন্যতম প্রধান পক্ষ হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি।

চুক্তিতে দক্ষিণ লেবাননের যেসব এলাকা এখনও ইসরায়েলের দখলে আছে, সেখান থেকে সরে যাওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। প্রয়োজন মনে করলে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সঙ্গে লেবানন কর্তৃপক্ষের এই চুক্তি হিজবুল্লাহ মানবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতো এবারও এই ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ প্রত্যাখ্যান করতে পারে গোষ্ঠীটি।