রেকর্ড গড়ে মেক্সিকোকে বিদায় জানালেন ওচোয়া

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নেমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর তারকা গোলরক্ষক গিয়ের্মো ‘মেমো’ ওচোয়া।

৪০ বছর ৩৪৬ দিন বয়সে মাঠে নেমে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হলেন তিনি। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে খেলা রাফা মার্কেসের রেকর্ড ভাঙলেন ওচোয়া।

ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে নামেন ওচোয়া। আর তাতেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার নজির গড়েন তিনি।

২০০৬ ও ২০১০ সালে বদলি গোলরক্ষক ছিলেন ওচোয়া। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে খেলেছেন প্রথম একাদশে। এবার লুইস আঞ্জেল মালাগনের চোটে প্রথম গোলরক্ষক হন রাউল র‌্যাঙ্গেল, শেষ ম্যাচে সম্মান জানিয়ে নামানো হয় ওচোয়াকে।

১৩ নম্বর জার্সিতে শেষ ১৩ মিনিট খেলে ক্যারিয়ারের ইতি টানলেন মেমো।