সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার রায়: একজনের ফাঁসি, বাবর-আরিফ-গউছসহ ৯ জন খালাস

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় হাফিজ নাইম নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছসহ ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, মামলার ১০ আসামির মধ্যে হাফিজ নাইমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি ৯ জনকে বেকসুর খালাস দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা হয়। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন, আহত হন ২৯ জন। এ ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

২০২০ সালের ২২ অক্টোবর ওই দুই মামলায় লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

রায়ের পর খালাসপ্রাপ্ত নেতারা সন্তোষ প্রকাশ করেন। তারা একে ‘ন্যায়বিচারের প্রতিফলন’ বলে উল্লেখ করেন এবং বলেন, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেই এটি ব্যবহার করা হয়েছে।