ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিনীত কুমার দুবে (৪৬) নামে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিনীত কুমার বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ঘটনার রাতে হেড কনস্টেবল বিনীত কুমার মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি একটি খোলা অংশে টহল দিচ্ছিলেন। ওই সময় এলাকাটিতে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়। নজরদারি চালানোর সময় হঠাৎ তিনি বজ্রপাতের শিকার হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মিথিপুর ক্যাম্পে এবং পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টির সময় গঙ্গা নদী পার হওয়ার সময় তারা বজ্রপাতের শিকার হন। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।