খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানো হবে: ত্রাণমন্ত্রী

খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) বিকেলে ধামরাইয়ে খাল খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। এর মধ্যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব ৭ হাজার কিলোমিটার। চলতি বছর লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০০ কিলোমিটার।

তিনি বলেন, খালের মাধ্যমে বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচ দেওয়া যাবে। খালের পাড়ে গাছ লাগানো শুরু হয়েছে। হতদরিদ্র মানুষদের সামাজিক চুক্তির মাধ্যমে এ কাজে যুক্ত করা হবে।

খননে ভেকু ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মূল খনন ভেকু দিয়ে হবে, স্লোপিং ও বৃক্ষরোপণ মানুষের মাধ্যমে হবে। বর্তমানে দৈনিক ৫০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে, আগামী অর্থবছরে তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।