ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশের ব্যাংক খাত সংস্কার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

বুধবার (২৪ জুন) বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড ‘ফাইন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক এই প্রকল্প অনুমোদন করে।

এই ঋণে আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো, জরুরি তারল্য সহায়তা কাঠামো তৈরি, ব্যাংক পুনর্গঠন কৌশল এবং সরকারি ব্যাংকের কাঠামোগত সংস্কার করা হবে। বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও আইসিটি অবকাঠামোও আধুনিকায়ন করা হবে।

বিশ্বব্যাংক জানায়, ২০২৬ সালের মার্চে খেলাপি ঋণের হার সাড়ে ৩২ শতাংশ ছাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার গড় ৭.৯ শতাংশের চেয়ে অনেক বেশি। ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাংকিং খাতের মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত ঋণাত্মক ২.৬ শতাংশে নেমেছে।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে স্থিতিশীল ব্যাংক খাত অপরিহার্য। এই প্রকল্প ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও আর্থিক খাতে আস্থা ফেরাতে সাহায্য করবে।

আইএমএফ ও এডিবির সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার তোশিয়াকি ওনো।