জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আগামী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৪ জুন)সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর সফল হয়েছে। এর ফল আগামী মাস থেকে দৃশ্যমান হবে।

মন্ত্রী জানান, জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

প্রবাসী সেবা নিয়ে তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা ও সহায়ক সেবা নিশ্চিত করা হচ্ছে। রাতের ফ্লাইটে নিরাপদ যাতায়াত এবং ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী।

এ ছাড়া কাতারে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে।