স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে নতুন তারিখ ঘোষণা করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা আগামী ১ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। নির্দেশনা মেনে চলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করেছে মাউশি।