বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‌‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে এক কাঠমিস্ত্রির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মৃত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানোর দাবি জানিয়েছে।

জানা গেছে, গত ১৭ জুন ভোরে সিনেমার সেট তৈরির কাজ করার সময় চন্দ্রধারী সিং যাদব নামের ওই কাঠমিস্ত্রি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্টুডিওপাড়ায়। মৃত চন্দ্রধারী সিং যাদব তার পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

এই দুঃখজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে এফডব্লিউআইসিই-র সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন যে, দুর্ঘটনার পর পরিচালক সঞ্জয় লীলা বানসালি ইতোমধ্যেই মানবিকতার খাতিরে মৃত শ্রমিকের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে এই অঙ্ক বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে ফেডারেশন ওই নির্মাতার কাছে অনুরোধ করেছে, তিনি যেন চন্দ্রধারী সিং যাদবের দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সম্পূর্ণ শিক্ষাগত খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির মাধ্যমে এই প্রথম রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসঙ্গে কোনো চলচ্চিত্রে পর্দায় আনতে চলেছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে দুই সেনা কর্মকর্তার মধ্যকার জটিল প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে, যেখানে আলিয়া ভাটকে কর্তব্য ও ভালোবাসার টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে দেখা যাবে।

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রণবীর কাপুর।

দীর্ঘ সময় পর আবারও বানসালির নির্দেশনায় কাজ করছেন তিনি। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি