‘সরকার চায় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক’: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছি। কোনো মামলায় বা কোনো ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক—এমন কোনো রাজনৈতিক চাপ কিংবা রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেনি। এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়।’

একসময় সাংবাদিকতা করতেন জানিয়ে তিনি বলেন, ‘রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয়, সে ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সোশ্যাল মিডিয়া ও অনলাইনের অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরতে মেইনস্ট্রিম মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।