চোট কাটেনি, শেষ টি-টোয়েন্টিতেও মাঠের বাইরে লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দাপটে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ আগেই হেরেছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জেতে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেও ৫ উইকেটে জিতেছিল সফরকারীরা।

রোববার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে নামবে দুই দল। বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো, অস্ট্রেলিয়ার চোখ ধবলধোলাইয়ে।

তবে শেষ ম্যাচেও অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। বাঁ পায়ের চোট না সারায় ছিটকে গেছেন তিনি। প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি লিটন।

শুক্রবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিটনের পুনর্বাসনে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় ২১ জুনের ম্যাচে তাকে পাওয়া যাবে না। গত ১৪ জুন গ্রেড-১ প্লাস মাত্রার বাম কাফে চোট পান এই উইকেটকিপার-ব্যাটার।

পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগলেও জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা নেই। ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।