সমর্থকের অভাবে নওগাঁয় ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল র‌্যালি ভেস্তে গেল

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ব্যাপক প্রচারণা চালিয়েও ব্রাজিল সমর্থকদের প্রত্যাশিত সাড়া না পাওয়ায় পরিকল্পিত মোটরসাইকেল র‌্যালি আয়োজন করতে পারেননি আয়োজকরা। শেষ পর্যন্ত মাত্র সাতটি মোটরসাইকেল নিয়ে প্রতীকী শোভাযাত্রা করেন তারা।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় শহরের নতুন জেলখানার গেট এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে ব্রাজিল সমর্থকদের একটি বড় মোটরসাইকেল র‌্যালি বের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে আগের দুই দিন শহরজুড়ে মাইকিং করে সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজকদের একজন চকপাথুরিয়া মহল্লার বাসিন্দা বিপ্লব জানান, র‌্যালিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। দুই দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্রাজিল সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। তবে নির্ধারিত সময়ের পর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের উপস্থিতি পাওয়া যায়নি।

পরে মাত্র সাতটি মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উপস্থিত সমর্থকরা।

র‌্যালিতে অংশ নেওয়া রনি, সাজু, সান ও শেখবুলসহ কয়েকজন ব্রাজিল সমর্থক বলেন, এতে বিব্রত হওয়ার কিছু নেই। তাদের মতে, বিষয়টি মূলত ভুল বোঝাবুঝি বা যোগাযোগ ঘাটতির কারণে ঘটেছে। অনেক সমর্থক হয়তো সময় ও আয়োজন সম্পর্কে সঠিকভাবে অবগত ছিলেন না।

তারা আরও বলেন, র‌্যালির আকার বড় না হলেও ব্রাজিলের প্রতি তাদের সমর্থনে কোনো ঘাটতি নেই। এবারের আসরে ব্রাজিলের সাফল্যই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বড় পরিসরে মোটরসাইকেল শোডাউন আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।