দেশের প্রথম জুয়েলারি এক্সপো আজ শুরু

৩০

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে প্রথমবারের মতো জুয়েলারি এক্সপো শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই এক্সপো চলবে ১৯ মার্চ শনিবার পর্যন্ত।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই এক্সপো শুরু হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

শতাধিক স্টল এবং দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেবেন। এর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে বলে আশা করছে আয়োজকরা।

গতকাল বুধবার বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশে জুয়েলারি মেলার আয়োজন করেছে বাজুস। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সহায়ক ভূমিকা রাখতে এই মেলার আয়োজন করা হয়েছে।

বাজুস আরো জানায়, দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্রর ব্যবস্থা থাকবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ টাকা। এ ছাড়া থাকবে নানা আকর্ষণীয় পুরস্কার।

বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বলেন, ‘এই এক্সপো দেশি অলংকার শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে স্বর্ণ এবং স্বর্ণজাত শিল্প রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিতে অবদান রাখবে, যা আমাদের জিডিপি হারকে সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হবে। ’

আয়োজকরা জানায়, তাদের টার্গেট মূলত রপ্তানি। বাংলাদেশের কারিগরদের হাতের তৈরি গয়নার ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। হালকা ওজনের চমৎকার ডিজাইন কখনো মেশিনের ধারা সম্ভব হয় না। সারা পৃথিবীতে যত কারিগর হাতে গয়না তৈরি করে তার ৮০ শতাংশই বাঙালি। দীর্ঘদিন ধরে রপ্তানির চেষ্টা হয়েছে, তেমনভাবে সুযোগ পায়নি। বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব গ্রহণ করার পর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে বিরাট উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কারণ এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন রিফাইনিং প্রজেক্টের। সুইচ বারের বিকল্প হিসেবে বাংলাদেশে সোনার বার তৈরি হবে। সেগুলো রপ্তানির পাশাপাশি দেশে অলংকার তৈরিতে ব্যবহৃত হবে। পাশাপাশি অলংকার রপ্তানির সুযোগও তৈরি হবে। এই এক্সপো সেটিরই একটি টার্গেট। আগামী পাঁচ বছরের মধ্যে স্বর্ণশিল্প আরো অনেক দূর এগিয়ে যাবে।