পালমিরা পুর্নদখল সিরীয় বাহিনীর

৩৫

আন্তর্জা45তিক ডেস্ক : সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরা পুর্নদখল করেছে সরকারি বাহিনী। রোববার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ও একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বিবিস এ তথ্য জানিয়েছে।

সেনা সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরেই সিরিয়ার সরকারি বাহিনী পালমিরায় প্রচন্ড লড়াই চালিয়ে যাচ্ছিল। রোববার রাশিয়ার বিমান হামলা সহযোগিতার মাধ্যমে পালমিরার পুরোপুরি দখল ফিরে পেয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

শনিবার সিরিয়ার সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, পালমিরায় আইএসের লক্ষ্যবস্তুতে হেলিকপ্টার ও ট্যাংক দিয়ে হামলা চালানো হচ্ছে। তবে ছবিটি কত তারিখের তা নিশ্চিত হওয়া যায়নি।

লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,  শহরের পূর্ব প্রান্ত থেকে এখনো গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। তবে সেখান থেকে অনেক আইএস সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার রাশিয়ার সেনাবাহিনীর পক্ষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় পালমিরাকেন্দ্রিক ৪০টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৫৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

প্রসঙ্গত, গত  বছর মে মাসে পালমিরা শহরটি দখল করে আইএস। রোমান স্থাপত্যে ভরপুর ঐতিহাসিক এ শহরটিকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছিল। ‘মরুভূমির বধূ’ হিসেবে আখ্যায়িত শহরটিতে প্রতিবছর লক্ষাধিক পর্যটক ভ্রমণ করত। তবে শহরটি দখলের পরপর আইএস সেখানে অনেক স্থাপত্য ধ্বংস করে ফেলে।