মস্কোয় প্রথম সফর: জাতিসংঘের সভাপতি হয়েই রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিন দিনের সরকারি সফরে আজ রবিবার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়েন।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতিসংঘের দায়িত্ব নেওয়ার পর এটাই ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। তাই দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও এ সফরে গুরুত্ব পাচ্ছে।

সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কথাও রয়েছে।