জাপানে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

৩০

জাপানের উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এনডিটিভির।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশটির ফুকুশিমা অঞ্চলে মাটির প্রায় ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির বিদ্যুৎ বিভাগ টিইপিসিও জানায়, এ ঘটনায় রাজধানী টোকিওর ৭ লাখসহ প্রায় ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়াও, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০১১ সালের ১১ই মার্চ ৯ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে বিদ্যুৎকেন্দ্রটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়।

সূত্র : এনডিটিভি