শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে বাংলাদেশ, একাদশে দুই বদল

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। শিরোপার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

শনিবার (৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। এই ম্যাচে জিতলেই টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে সেমিফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও ফাইনালে আফঈদা খন্দকারকে আবারও সুযোগ দিয়েছেন কোচ বাটলার।

একসময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত টানা পাঁচটি শিরোপা জিতে তারা তৈরি করেছিল শক্ত ভিত্তি। তবে ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতে সেই চিত্র বদলে দিয়েছে বাংলাদেশ। এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে হ্যাটট্রিক শিরোপার চ্যালেঞ্জ ঋতুপর্ণাদের সামনে।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।