দিল্লির হোটেলে আগুন: আহত বাংলাদেশি নুরুল আমিনের মৃত্যু

নয়াদিল্লির মালভিয়া নগরের হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশি মো. নুরুল আমিন (৪৪) মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বুধবার (৩ জুন) সকালের ওই আগুনে দুটি বাংলাদেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তারা চিকিৎসার জন্য দিল্লিতে ম্যাক্স হাসপাতালের পাশের হোটেলে ছিলেন। হাইকমিশন জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকালে হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের দেখতে যান। বর্তমানে ৮ জন বাংলাদেশি আহত হয়ে চিকিৎসাধীন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এ অগ্নিকাণ্ডে মোট ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয়, ২ জন মোজাম্বিক, ৪ জন নাইজেরিয়া, ১ জন লাইবেরিয়া ও ১ জন উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।