তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি ঢাকায় এলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

শুক্রবার (৫ জুন) সকালে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সাংস্কৃতিক আদান-প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন।

আগামীকাল শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন হাকান ফিদান। একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

২০২০ সালের ডিসেম্বরের পর এটিই তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরও গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি।