পাকিস্তানি শাসকদের নির্যাতন ক্ষমার অযোগ্য: ফখরুল

১৯৭১-পূর্ববর্তী পাকিস্তানি শাসকদের সীমাহীন বৈষম্য ও নির্যাতনকে কখনোই ক্ষমা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ জুন) পিআইবি অডিটোরিয়ামে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মার্চে অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দেন এবং জাতিকে সংগঠিত করেন। রাষ্ট্রক্ষমতায় এসে তিনি সব রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কারও নির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়তে চাননি। তিনি দেশের নিজস্ব শক্তি ও জনগণের ওপর বিশ্বাস করতেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজেও জিয়ার আদর্শের প্রতিফলন দেখা যায়।

বিগত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়েছিল জামায়াত ক্ষমতায় আসবে। কিন্তু জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে, কারণ গণতন্ত্র ও দেশের স্বার্থ বিএনপির হাতেই নিরাপদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।