জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩: ২৮ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ৩২ জন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। ২৮ ক্যাটাগরিতে ৩২ জন শিল্পী ও কলাকুশলী এবার পুরস্কার পাচ্ছেন।

মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হক এবং মরণোত্তরভাবে তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চু।

‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য কে এম হালিমুজ্জামান পাচ্ছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) আফরান নিশো ‘সুড়ঙ্গ’ এবং শ্রেষ্ঠ অভিনেত্রী আইনুন নাহার পুতুল ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।

এছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক বালাম, শ্রেষ্ঠ গীতিকার সোমেশ্বর অলি, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ ও শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন পুরস্কার পাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকা অবন্তী দেব সিঁথি এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যুগ্মভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা নির্বাচিত হয়েছেন।