তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট

তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে করবেন তিনি।

ইন্ডিয়া টুডে জানায়, দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বড় কোনো আয়োজন ছাড়াই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়েটি হবে। আমিরের বন্ধু শাহরুখ খান ও সালমান খান সময় পেলে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন আছে।

এর আগে আমির দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে দুই সন্তান জুনাইদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে কিরণের সঙ্গে ১৬ বছরের সংসারের ইতি টানেন। তাদের ছেলে আজাদ।

হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আগের সংসারে সাত বছরের ছেলে কুইন রয়েছে। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন।

গত বছর ৬০তম জন্মদিনে গৌরীকে প্রথমবার মিডিয়ার সঙ্গে পরিচয় করান আমির। দীর্ঘদিন বন্ধুত্বের পর প্রেম, আর এবার দুই বছরের সম্পর্ক গড়াচ্ছে বিয়েতে।