চার বছর পর ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে টাইগ্রেসরা

চলতি বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দল সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। চার বছর পর দ্বিতীয়বার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগ্রেসরা।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান বিপণন ও বাণিজ্যিক কর্মকর্তা গ্লেন ক্রিচলি বলেন, বাংলাদেশ নারী দল ধারাবাহিকভাবে উন্নতি করছে। তাদের বিপক্ষে জিততে হলে সেরাটা দিতে হবে। ফেব্রুয়ারিতে প্রথমবারের আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ ভালো প্রস্তুতির সুযোগ দেবে।

২০২২ সালে প্রথম নিউ জিল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথম ম্যাচ হারের পর বাকি দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এবারের সফরে ১০ ও ১২ ডিসেম্বর নেলসনে দুটি টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে প্রথম ওয়ানডে এবং ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে শেষ দুটি ওয়ানডে মাঠে গড়াবে।