সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১০৫

দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, ‘৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বাকি ৮টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। সেখানে নতুন ভবন করা হবে। আজ থেকে কার্যক্রম শুরু করছি। জনবল-যন্ত্রপাতি দিতে প্রত্যেক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।’

মন্ত্রী জানান, গ্রামীণ চিকিৎসা শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট থাকবে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল হবে। আগামী ছয় মাসের মধ্যে এগুলো উদ্বোধন করা হবে। সব হাসপাতালে পর্যাপ্ত জনবল ও সুযোগ-সুবিধা থাকবে।

তিনি আরও জানান, চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে ৫টি বড় শহরে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। আধুনিক ডিজাইনের এই হাসপাতালগুলোতে শুধু নারীরা চিকিৎসা নিতে পারবেন।

‘দুর্নীতির আবর্ত থেকে বেরিয়ে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। স্বাস্থ্যসেবা সহজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে,’ বলেন মন্ত্রী।