নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ ফাইনালের জার্সি, দাম ৭০ কোটি টাকা!

১২৩
‘প্রাইসলেস’ যাকে বলে, তেমন কিছুই পাওয়ার সুযোগ ফুটবলপ্রেমীদের। কিংবা যারা অমূল্য স্মারক সংগ্রহ করেন তাদের জন্য সামনে অপেক্ষা করছে বিশাল কিছু।

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী এবং অমূল্য স্মারক সংগ্রাহকদের জন্য এক অবিশ্বাস্য সুযোগ অপেক্ষা করছে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ব্রাজিলের প্রথম শিরোপা জয়ের ফাইনাল ম্যাচে ফুটবল সম্রাট পেলের পরিহিত ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সদবিস’-এর মাধ্যমে জার্সিটি নিলামে উঠতে যাচ্ছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬০ লাখ ডলারেরও বেশি—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকার সমতুল্য।

আগামী ২৯ জুন থেকে শুরু হয়ে এই জার্সির দরদাম চলবে ১৬ জুলাই পর্যন্ত। আয়োজকদের ধারণা, পেলের আন্তর্জাতিক ফুটবল সাম্রাজ্যের সূচনার সাক্ষী এই জার্সিটি ক্রীড়া স্মারকের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড গড়বে। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সির দখলে, যা ২০২২ সালে ৯২.৮ লাখ ডলারে বিক্রি হয়েছিল। মাত্র ১৭ বছর বয়সে এই জার্সি গায়ে জড়িয়ে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন পেলে।

এত বছর পর এই ঐতিহাসিক জার্সিটি কীভাবে অক্ষত রইল, তা নিয়ে দারুণ এক ইতিহাস রয়েছে। ১৯৫৮ সালের ফাইনাল শেষে পেলে জার্সিটি তার রুমমেট ও সতীর্থ দিদাকে উপহার দেন। ১৯৯৩ সাল পর্যন্ত এটি দিদার পরিবারের কাছেই ছিল। এরপর তারা এটি একটি জাদুঘরে দান করেন। পরবর্তীতে ২০০৪ সালে প্রথমবারের মতো ১ লাখ ৫ হাজার ডলারে জার্সিটি কিনে নেন এক সংগ্রাহক। এখন সেই ক্রেতাই সদবিস-এর মাধ্যমে এটি আবার নিলামে তুলছেন। সদবিস-এর মডার্ন কালেকশনস বিভাগের প্রধান ব্রাহম ওয়াচটার এক বিবৃতিতে বলেন, “এটি কেবল একটি সাধারণ শার্ট নয়, এটি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের পরিহিত সেই পোশাক, যা দিয়ে তার রাজত্বের সূচনা হয়েছিল।”