লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, ৬ শিশুসহ নিহত ৯

২৮
এই হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে চালানো সর্বশেষ এই হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ছয়জনই শিশু। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলীয় সাইদা (সিডন) সংলগ্ন আদলুন শহরের একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান এ হামলা চালায়। বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন।

দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনার পর গত ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। পরবর্তীতে ১৭ মে থেকে এর মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এ অভিযান চালাচ্ছে। তবে লেবানন কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় নিয়মিত বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।

গত কয়েক মাসে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জবাবে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধবিরতি থাকলেও সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।