ছদ্মবেশে মাঠে নামার আহ্বান সারজিসের, তারেক রহমানকে ধন্যবাদ

৩০

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম আকস্মিক পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে চাঁদাবাজি, সিন্ডিকেট ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সারজিস লেখেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় অব্যবস্থাপনা দৃশ্যমান হলে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়।

তিনি আরও লেখেন, “প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।”

পোস্টে সারজিস আলম বলেন, “একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।”