হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি ট্রাম্পের আহ্বান

৩১

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়ে হরমুজ প্রণালি অবিলম্বে বৈশ্বিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে বলেছেন তিনি। তবে ট্রাম্পের বক্তব্যকে ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ বলে দাবি করেছে তেহরান।

শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানকে কখনও পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। প্রণালিতে থাকা মাইন দ্রুত সরিয়ে ফেলতে হবে। মার্কিন বাহিনী ইতোমধ্যে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। ফলে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবে। এছাড়া প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করা হবে।

ট্রাম্পের বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানায় ইরানের সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি দাবি করে, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে তুলে ধরেছেন, যাতে তিনি একটি ‘ভুয়া বিজয়’ দেখাতে পারেন।

ইরানি সূত্রগুলোর দাবি, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের বিষয়ে ট্রাম্পের বক্তব্য ভিত্তিহীন। হরমুজ প্রণালিতে টোলমুক্ত চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে নেই। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়া এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো বিষয়গুলো ট্রাম্প উল্লেখ করেননি।

সূত্র: আল জাজিরা