জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

২৪

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ শনিবার।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ চলছে। বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আজ শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ চলবে।

আগামীকাল রোববার, ৩১ মে বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে দলটি। জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতি বছর দিনটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পালন করে আসছে।