আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি

৩৮

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার ৩০ মে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে গত বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর খবর পাওয়া যায়। ওয়ার্ডে তখন ১১ জন মা ও ছয় শিশু ভর্তি ছিল।

জানা গেছে, মঙ্গলবার ২৬ মে রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। সেই অনুযায়ী প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। পরে গরম লাগায় আবার এসি চালু করা হলে কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের এনআইসিইউতে নিতে বলা হয়। এরপর ধীরে ধীরে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। সকালের মধ্যে একে একে ছয় নবজাতকই মারা যায়।

প্রাথমিক ধারণায় পুলিশ জানায়, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকায় শিশুদের মৃত্যু হয়েছে। স্বজনরা এজন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলাকে দায়ী করছেন।

ঘটনার কারণ ও অব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।