‘স্বজনপ্রীতি নয়, যোগ্যতায় হবে শিক্ষক নিয়োগ’ : মির্জা ফখরুল

৩২

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।”

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির প্রেক্ষিতেই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ রাজনৈতিক নেতারা।