যুক্তরাষ্ট্রে দুই ঈদে কেন্দ্রীয় ছুটির দাবি, কংগ্রেসে উঠল নতুন বিল

৩০

যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো মুসলমানের বহু দিনের কাঙ্ক্ষিত দাবি পূরণে দুই ঈদের দিনকে কেন্দ্রীয়ভাবে সাধারণ ছুটি ঘোষণার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। ২৭ মে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং ইন্ডিয়ানার কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন যৌথভাবে বিলটি পার্লামেন্টে তোলেন।

এর আগে ২০২৪ সালেও একই দাবিতে ‘ঈদ ডে অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করা হয়েছিল। তবে সে সময় প্রয়োজনীয় ভোটের অভাবে তা পাসের মুখ দেখেনি। গত কয়েক বছরে মার্কিন রাজনীতি ও প্রশাসনে ব্যাপক পরিবর্তনের প্রেক্ষাপটে এবার বিলটি নিয়ে নতুন আশার আলো দেখা যাচ্ছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুইন্সের জ্যামাইকা-ফ্লাশিং এলাকা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতিতে দেশটির লাখ লাখ মুসলমান নিরলস অবদান রেখে চলেছেন। তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দুটি দিনকে সরকারি ছুটি ঘোষণার দাবিটি অনেক আগেই পূরণ হওয়া উচিত ছিল। কিছুটা দেরি হলেও বিলটি আবারও উত্থাপন করতে পেরে তারা আনন্দিত। এটি চূড়ান্তভাবে আইনে পরিণত না হওয়া পর্যন্ত তারা নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সাম্প্রতিক সময়ে মার্কিন রাজনীতিতে মুসলিম আমেরিকানদের প্রভাব ও গুরুত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে গত নভেম্বরের নির্বাচনে নিউ ইয়র্ক সিটির ৪৫০ বছরের ইতিহাসে প্রথম মুসলমান-আমেরিকান মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এ ছাড়া মিশিগান, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে ভোটের মাঠে মুসলিম ভোটাররা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টেট ও সিটির শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস-আদালতে ঈদের দিন মুসলমানদের জন্য ছুটির নিয়ম চালু হয়েছে। ২০১৫ সাল থেকেই নিউইয়র্ক সিটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঈদের ছুটি কার্যকর রয়েছে।

পাশাপাশি মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, ইলিনয় ও ভার্জিনিয়ার মতো রাজ্যগুলোতে মুসলমান শিক্ষার্থী এবং চাকরিজীবীরা ঈদের দিন ঐচ্ছিক ছুটি পেয়ে আসছেন। কংগ্রেসে উত্থাপিত এই নতুন বিলটি যদি শেষ পর্যন্ত পাস হয়ে আইনে পরিণত হয়, তবে যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ লাখেরও বেশি মুসলমানের দীর্ঘদিনের একটি বড় স্বপ্ন পূরণ হবে।