‘চাক দে! ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা রমাকান্ত দায়ামা আর নেই

৩৩

ভারতীয় বিনোদনজগতে নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার (২৬ মে) মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা রমাকান্ত দায়ামা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

অভিনেতার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেত্রী শুভাঙ্গী লাটকর। রমাকান্ত দায়ামা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ওয়েব সিরিজের পরিচিত মুখ যশস্বিনী দায়ামার বাবা।

দীর্ঘ ক্যারিয়ারে রমাকান্ত দায়ামা বহু চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক ও নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। শাহরুখ খান অভিনীত ‘চাক দে! ইন্ডিয়া’ এবং সমালোচক মহলে প্রশংসিত ‘ধানাক’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। মঞ্চনাটকেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

শিল্পীর প্রয়াণে বিনোদনজগতের শিল্পী সংগঠন ‘সিনটা’ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমাকান্ত দায়ামা শুধু গুণী শিল্পীই ছিলেন না, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে শিল্পীসমাজের কল্যাণে তার অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

অভিনেতার মৃত্যুতে আবেগঘন পোস্ট করেছেন ঘনিষ্ঠ বান্ধবী শুভাঙ্গী লাটকর। সোশ্যাল মিডিয়ায় রমাকান্তজির একটি আনন্দঘন মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, আজ আমরা এক সুন্দর মনের মানুষকে হারালাম, যিনি জীবনে বহু লড়াইয়ের মাঝেও হাসিখুশি থাকতে জানতেন।

তিনি আরও জানান, রমাকান্তজির সঙ্গে একটি হিন্দি নাটক এবং মঞ্চে কবিতা আবৃত্তির পরিকল্পনা ছিল, যা অধরাই রয়ে গেল। তার আকস্মিক চলে যাওয়া ভারতীয় অভিনয়জগতে অপূরণীয় শূন্যতা তৈরি করল।

সূত্র: মিড-ডে