সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে। তারা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তিনি জানান, সেখানে যৌথ অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, দাগী আসামি গ্রেপ্তার হয়েছে। জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, র‍্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা আছে। চট্টগ্রাম জেলা কারাগার হওয়ার কথাও আগে থেকে রয়েছে।

মন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। নির্মূল করা হবে।”

তিনি আরও বলেন, “দেশে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ—কারও জায়গা হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।”

সীমান্তে গোলাগুলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই-একটা ঘটনা নজরে এসেছে। বিজিবির মহাপরিচালক তাৎক্ষণিকভাবে দেখেছেন। কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান হয়। জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো ঘটনা ঘটেনি।

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব নিয়ে তিনি বলেন, “আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “তথ্য দিন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব। গত তিন মাসে জঘন্য অপরাধে সময়মতো ব্যবস্থা নিয়েছি।”

টোল প্লাজায় যানজট নিয়ে তিনি বলেন, ম্যানুয়ালি টোল আদায়ে দীর্ঘ লাইন হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থা হলে কার্ড থেকে টাকা কেটে নেওয়া যাবে। সরকার এ বিষয়ে চিন্তা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেবেন তিনি।

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা নিয়ে র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, “হামলাটা র‍্যাব ক্যাম্পে হয়নি। নতুন বিশেষ ক্যাম্প সেটল করতে যাওয়ার সময় তারা হামলা করেছে।”

তিনি বলেন, “ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার সুযোগ নেই। তারা অতর্কিত কাজটা করেছে। আমাদের কিছুটা দুর্বলতা ছিল। এটা অস্বীকারের উপায় নেই। তবে আমাদের ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নেই।”

র‍্যাব ডিজি জানান, “ঘটনাটা অসাবধানতাবশত ঘটেছে। তারা এখানে আসতে পারবে না। যেখানেই থাকুক, তাদের উচ্ছেদ করবো। এ পর্যন্ত প্রায় ৩০ জন গ্রেপ্তার হয়েছে। তারা কোনোভাবেই সেখানে ঢুকতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি।”