কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, একাধিক বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাজধানীর বিভিন্ন এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণে।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, স্থানীয় সময় শনিবার (২৩ মে) রাতে মধ্যপাল্লার ওরেসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করে রাশিয়া।

কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাজধানী বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেশ কিছু জায়গা থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।

রাশিয়ার এই হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত শুক্রবার (২২ মে) রাশিয়ার অধিকৃত লুহানস্কের স্টারোব্লিসকের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে কঠোর প্রতিশোধের নির্দেশ দিয়েছিলেন।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, কলেজের হামলায় ১৮ শিশু নিহত হয়েছে। ধ্বংসস্তূপে আরও তিনজন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউক্রেনের সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, লুহানস্কে রুশ বাহিনীর ‘রুবিকন’ ইউনিটের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ২০২৪ সালে প্রতিষ্ঠিত রুবিকন ইউনিট রাশিয়ার উন্নত ড্রোন উদ্ভাবন ও তৈরির কেন্দ্র।

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে ও অধিকৃত অঞ্চলে ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। এর আগে দুটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে সফল হামলা চালায় ইউক্রেন। তারই প্রতিক্রিয়ায় মস্কো এবার কিয়েভে পাল্টা হামলা চালাল।