হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত

৩০

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলিতে সিক্রেট সার্ভিসের সঙ্গে গোলাগুলি হয়েছে। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় লকডাউন জারি করা হয়েছে।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার পর ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে ওই ব্যক্তি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। এ সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন।

সিক্রেট সার্ভিস জানায়, এজেন্টদের পাল্টা গুলিতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি কার গুলিতে আহত হয়েছেন, তা নিশ্চিত নয়। সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।

ঘটনার পরপরই হোয়াইট হাউস লকডাউন করা হয়। কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপদ থাকার কথা জানিয়েছেন। তবে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস লিখেছেন, ‘আমরা বিপজ্জনক সময়ে বাস করছি।’

আল-জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট জানান, নর্থ লনে ৩০টির বেশি গুলির শব্দ শোনা গেছে। সাংবাদিকদের প্রেস ব্রিফিং কক্ষে আশ্রয় নিতে বলা হয়। ন্যাশনাল গার্ড সদস্যরা এলাকায় প্রবেশ বন্ধ করে দেন।

কিম্বারলি আরও জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে ওই এলাকায় না আসার আইনি নির্দেশ ছিল। তা উপেক্ষা করেই তিনি হামলা চালান। এর আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজের সময়ও গুলির ঘটনা ঘটেছিল।