জাতিসংঘের এফএও জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জামদানি

৩৮

নতুন মর্যাদা পেল দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) রোমের সদর দপ্তরের জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা।

শনিবার (২৩ মে) বাংলাদেশ দূতাবাস, রোমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে দেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএওর জাদুঘরে স্থান পেয়েছে।

বাংলাদেশি জামদানি শাড়িটি জাদুঘরের ‘ট্রেডিশন অ্যান্ড ইনোভেশন’ কক্ষে স্থায়ীভাবে প্রদর্শিত হবে। পাশাপাশি পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

এফএওর সদর দপ্তরে আগত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে এই পোশাকগুলো বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবে।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।