‘চিৎকার না করলে সেদিন ধর্ষণের শিকার হতাম’ : অভিনেত্রী ফারিন

৩৭

নিজের জীবনের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী ফারিন খান। সময়মতো চিৎকার না করলে হত্যা, লুটপাট এমনকি ধর্ষণের চেষ্টার শিকারও হতে পারতেন বলে জানালেন তিনি।

শুক্রবার (২২ মে) দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারিন লেখেন, গত ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান। ঢোকার কয়েক মিনিট পর টের পান, পেছনে কেউ দাঁড়িয়ে। তাকিয়ে দেখেন, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুটি হাত তার গলার কাছে চলে এসেছে।

আতঙ্কে চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন ফারিন। চিৎকার শুনে ড্রাইভার এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ড্রাইভার জানান, তিনি ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনে দেখেছিলেন। হাতে ডিমের খোসা থাকায় প্রথমে সন্দেহ হয়নি।

ফারিন লিখেছেন, “বাইরে সাহসী থাকার চেষ্টা করলেও ভেতরে ভীষণ ভয় পেয়েছিলাম। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।” প্রথমে কাউকে না বললেও পরে শুটিং ইউনিটের সদস্যদের পুরো ঘটনা জানান। বলেন, জীবনে এত ভয়ংকর অভিজ্ঞতা খুব কমই হয়েছে।

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি লেখেন, “আমরা যারা বাইরে কাজ করি, জানি প্রতিনিয়ত কী পরিস্থিতির শিকার হতে হয়। যে দেশে নারীকে পোশাক দিয়ে বিচার করা হয়, সেখানে ধর্ষণের দায়ও অনেক সময় নারীর ওপর চাপানো হয়। সত্যিই এই দেশে মেয়েরা নিরাপদ না।”