‘ধাক্কা দিলেই সরকার যাবে, বোকার স্বর্গে আছেন’ : ডা. জাহিদ

৪১

রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, “কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা চলছে। মানুষকে উত্তেজিত করে মবকালচারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেউ যদি ভাবেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে, তারা বোকার স্বর্গে আছেন।”

শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিশু নির্যাতন প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “শিশু ধর্ষণ বা নির্যাতনের শাস্তি বেগম খালেদা জিয়ার সময়েই মৃত্যুদণ্ড নির্ধারণ করা আছে। এর পরে আর কী শাস্তি দিতে চান সেটাও ভাবতে হবে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিচারের আশ্বাসও দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো দলের বা নির্দলীয়—কাউকে ছাড় নেই।”

“এই সরকার জনগণের ভালোবাসা নিয়ে দায়িত্ব পালন করছে, জনগণের সেবায় নিয়োজিত। জনগনকে ছেড়ে অন্য পক্ষে যাবে না,” বলেন তিনি। পাশাপাশি হিলির রাস্তাঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শিগগির শুরু হবে বলেও জানান।

সভা শেষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।