স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্য প্রত্যাহার চাইল জামায়াত

৪২

ধর্ষকের ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি বলছে, এ মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি অবমাননার শামিল।

শুক্রবার (২২ মে) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে, এটি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ ও ‘শরিয়া-বিরোধী আইন না করার’ অঙ্গীকার করেন। অথচ বাস্তবে শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় করা তাদের আদর্শিক দেউলিয়াত্ব ও দ্বিচারিতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য দেশের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাদের ক্ষুব্ধ করেছে। ধর্মপ্রাণ নাগরিকরা মনে করেন, এ বক্তব্যে শরিয়া আইনের প্রতি অবমাননা হয়েছে। তাই অবিলম্বে মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি।