রামিসার বাবার কাঁধে হাত রেখে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীতে রামিসাদের বাসায় যান। সেখানে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় প্রধানমন্ত্রী নিহত ৭ বছর বয়সী রামিসার বাবাকে বলেন, ‘এই অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার আমরা আগে করতে চাই। এক সন্তানকে আল্লাহপাক নিয়ে গেছেন, আরেক সন্তান আপনাদের কাছে আছেন। ওর দিকে তাকিয়ে আপনাদের শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।’ রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।