জাবিতে ধর্ষণচেষ্টা: আসামি ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সঠিক তথ্য দিলে তথ্যদাতা পাবেন নগদ ৫০ হাজার টাকা।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার অবস্থান জানলে ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

১২ মে রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের রাস্তায় এক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক যুবক। ভুক্তভোগীর চিৎকারে পথচারী শিক্ষার্থীরা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে শিক্ষার্থী নয়, বহিরাগত। পরদিন বিশ্ববিদ্যালয়ের সহায়তায় আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়।

ঘটনার আট দিন পেরোলেও আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সহায়তার পাশাপাশি অপরাধীকে দ্রুত ধরতেই পুরস্কার ঘোষণা করা হয়েছে।