বিয়ের প্রস্তাব ফেরানোয় খুন হলেন পাঞ্জাবি গায়িকা

২৭

ভারতের পাঞ্জাবে খুন হয়েছেন ২৯ বছর বয়সী পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর। নিখোঁজের ছয়দিন পর লুধিয়ানার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঞ্জাবজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৩ মে রাতে বাজার করতে নিজের গাড়ি নিয়ে বের হন ইন্দর। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবার অপহরণের অভিযোগ করে থানায় মামলা করে। পরে পুলিশ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

হত্যার অভিযোগ উঠেছে সুখবিন্দর সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, তিন বছর আগে ইনস্টাগ্রামে ইন্দরের সঙ্গে পরিচয় হয় সুখবিন্দরের। বন্ধুত্বের একপর্যায়ে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন।

অভিযোগ, সম্পর্ক ভাঙা মেনে নিতে পারেননি সুখবিন্দর। বিয়ের জন্য চাপ দেন এবং প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ইন্দরকে হুমকি দিতে থাকেন।

গায়িকার ভাই যতিন্দর সিং পুলিশকে জানান, সুখবিন্দর ও তার সহযোগীরা বন্দুকের মুখে ইন্দরকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হত্যার পরিকল্পনা করেই কানাডা থেকে ভারতে আসেন সুখবিন্দর। তবে সরাসরি না এসে প্রথমে নেপালে যান। পরে সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার কানাডায় ফিরে যান বলে ধারণা করা হচ্ছে।

অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।