খুমেক হাসপাতালে আগুন, রোগী স্থানান্তরে মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন আইসিইউ ইউনিটের পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর এক নম্বর আইসিইউতে থাকা ১৫ রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্থানান্তরের সময় একজন রোগী মারা যান। এছাড়া ভোর ৫টার দিকে আগুন লাগার আগেই আরও এক রোগীর মৃত্যু হয়েছিল।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার বলেন, পুরোনো আইসিইউ ভবনের পাশের কক্ষে শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেখানে পুরোনো কাপড় ও সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আগুন থেকে বাঁচতে গিয়ে দুইজন নার্সসহ পাঁচজন আহত হন। তারা হলেন স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী, শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে রোগী ও স্বজনরা আতঙ্কে নিচে নেমে আসেন। আইসিইউর রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের সামনের সড়ক ও মাঠে রোগী-স্বজনদের জড়ো হতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ইউনিট যোগ দেয়। সব গেটে তালা থাকায় ভেঙে ভেতরে ঢুকতে হয়। ব্যালকনি থেকে ৪-৫ জনকে উদ্ধার করা হয়। ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, ৫৫ মিনিটে পুরোপুরি নেভে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।