হাম-নিউমোনিয়া ঠেকাতে স্বাস্থ্য বিভাগে জরুরি অবস্থা, কর্মকর্তা-কর্মচারীর সব ছুটি স্থগিত

৩০

শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অর্জিত ও নৈমিত্তিক ছুটিসহ যেকোনো ধরনের ছুটি স্থগিত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ মে) এই সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা চালু রাখা এবং হামের টিকাদান কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হাম ও উপসর্গ হিসেবে নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। টিকাদান জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা দিতে মাঠপর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকতে বলেছে অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, হামের টিকা শিশুদের জন্য সবচেয়ে কার্যকর সুরক্ষা। সময়মতো চিকিৎসা না পেলে হাম নিউমোনিয়ায় রূপ নিয়ে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই জ্বর, কাশি, শরীরে র‍্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের কর্মস্থলেই থাকতে হবে।