সরকারি হাসপাতালে হাম রোগীদের আলাদা ইউনিট চালুর কড়া নির্দেশ

১৬২

হামে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ায় দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সন্দেহজনক হাম রোগীদেরও ভর্তি করে চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে পাঁচ দফা নির্দেশনায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হাম ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স রাখতে হবে। ছুটির দিন বাদ না দিয়ে প্রতিদিন সকাল-বিকাল বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী দেখতে হবে।

সংক্রমণ রোধে কড়াকড়ি আনা হয়েছে ভিজিটর নীতিতেও। রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা দর্শনার্থী ঢুকতে পারবেন না। একই সঙ্গে ভর্তি হওয়া সব হাম রোগীর তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায়। আলাদা ওয়ার্ড ও কঠোর আইসোলেশন ছাড়া হাসপাতালের অন্য রোগীদের ঝুঁকিমুক্ত রাখা কঠিন। তাই অধিদপ্তরের এই সিদ্ধান্ত সময়োপযোগী।