‘রাগ করলা’ সংলাপে ভাইরাল যুবক কবিরাজ নন, তিনি কনটেন্ট ক্রিয়েটর 

৪৩

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’ সংলাপের সেই যুবকের নাম ঈমান আলী। নেটিজেনরা তাকে কবিরাজ ভাবলেও তিনি আসলে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাসিন্দা ঈমান আলী লালমনিরহাট থেকে দুই যুগ আগে গাজীপুরে আসেন। মঙ্গলবার ১৯ মে তিনি কালিয়াকৈরের একটি রিসোর্টে শুটিংয়ে ছিলেন।

স্থানীয়রা জানান, ফেসবুক, টিকটক ও ইউটিউবে এখন ‘রাগ করলা’ সংলাপ ট্রেন্ড। অনেকেই মিম বানাচ্ছেন। তবে ঈমান আলী বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন।

ঈমান আলী বলেন, “আমি কবিরাজ নই। এটা একটা অভিনয়ের পার্ট। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল।”

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন তিনি। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিতে বলা ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’ সংলাপটি রাতারাতি ভাইরাল হয়।