সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে ৯ জিলহজ, অর্থাৎ ২৬ মে।

রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও দেশটির আকাশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, সৌদি আরবের আকাশে রোববার ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে বুধবার কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী ব্রুনেইতে ঈদ হবে একদিন পর, ২৮ মে বৃহস্পতিবার।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার ১৭ মে জিলকদ মাস শেষ হয়েছে। দেশ দুটিতে সোমবার ১৮ মে থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৭ মে বুধবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ১৮ মে জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। এ হিসাবে ব্রুনেইতে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। দেশটিতে সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ঈদ হবে ২৭ মে বুধবার।

তুরস্ক খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে না। দেশটি পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডার-ভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে একই দিন ২৭ মে ঈদের তারিখ নির্ধারণ করেছে।

দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সেখানেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার ১৭ মে আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।