বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

২৬

আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বিসিবির নির্বাচনে তারা কোনো হস্তক্ষেপ করবেন না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন।

পরে ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আদালত স্পষ্ট করে বলেছেন, বিসিবি নির্বাচনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

এদিকে শনিবার ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট দায়ের করেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের মতো পরিচিত মুখ।